শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৫ আগস্ট কোনো ধরণের নাশকতা করার চেষ্টা করলে কঠোর হস্তে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার রাজনগর বটতলা এলাকার শরীয়তপুর-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৫ আগস্ট নাশকতা করতে পারে, এমন গুঞ্জন সৃষ্টি হলে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে রাজনগর বটতলা এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের বটতলা থেকে জামতলা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে নেতরা ঘোষণা করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা লুটেরা ছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা এখনও এলাকায় রয়েছেন, তারা যদি কোনো ধরণের নাশকতা করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।
সংক্ষিপ্ত সমাবেশে নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা সুজন বেপারী বলেন, গত ১৭ বছর দেশটারে লুটে খেয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। যারা লুটপাট করেছেন, তারাও পালিয়েছে। আপনারা যারা এলাকাতে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যদি কোনো ধরণের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করেন তাহলে তা কঠোর হস্তে প্রতিরোধ করা হবে। নড়িয়া-সখিপুরের মাননীয় সংসদ সদস্য সফিকুর রহমান কিরন কিন্তু কোনো ধরণের নাশকতা সহ্য করবেন না। তাই সাবধান, আপনারা ঘরেই থাকুন।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সাদেক আলী সরদার, নেছার উদ্দিন মেলকার, শাহ আলম ফরাজী, যুবদল নেতা রুবেল কাজী, কামরুল মীর বহর, জাকির মুসল্লী, আনোয়ার রাড়ি প্রমুখ।




