বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে গত ১১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মনির হোসেন মোল্লা সভাপতি, মীর মিজানুর রহমান লিটন সাধারণ সম্পাদক এবং মোঃ নুরুল আমিন বুলেট সহ-সভাপতি নির্বাচিত হন।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের ঐক্যবদ্ধ করে জাতীয় কল্যাণে কাজ করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মনির হোসেন মোল্লা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে সংগঠনটি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য দেশের সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধার সন্তান এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটন বলেন, সংগঠনকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হবে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশের সকল মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধার সন্তান এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তির প্রতি সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।


